
দেশজুড়ে চলমান লোডশেডিংয়ের বাস্তব চিত্র তুলে ধরে গ্রাহকদের সচেতন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেছিলেন মাদারীপুরের বিদ্যুৎ বিভাগের কর্মী সুমন হোসেন। কিন্তু সাধারণ মানুষকে সচেতন করার সেই উদ্যোগই এখন তাকে বিপাকে ফেলেছে। নিজের পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, তার ‘বেঁচে ফেরার পথ বন্ধ হয়ে গেছে’।
সুমন হোসেন লাইনম্যান গ্রেড-২ পদে মাদারীপুর জেলার মিঠাপুকুর স্টেশনে কর্মরত। গত কয়েক দিন ধরে ‘বিদ্যুৎ প্রতিদিন’ নামে একটি ফেসবুক পেজে দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিভিন্ন ভিডিও ও আপডেট প্রকাশ করছিলেন তিনি।
তার দাবি, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে গ্রাহকদের মধ্যে ভুল বোঝাবুঝি ও ক্ষোভ কমানো এবং বিদ্যুৎ অফিসে হামলা ঠেকানোর উদ্দেশ্যেই তিনি এসব ভিডিও তৈরি করছিলেন। তবে বিষয়টি নিয়ে প্রকাশিত কিছু সংবাদ তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে বলে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি।
সুমন তার পোস্টে লিখেছেন, ‘সর্বপ্রথম সব কিছুর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ভাবতে পারিনি আমার করা ছোট একটি ভিডিও আমার, আমার পরিবার, আমার কর্মস্থল ও পুরা দেশের উপর এতো বাজে প্রভাব ফেলবে। সারাদেশে বিভিন্ন এলাকায় গ্রাহক বিদ্যুৎ অফিস ভাংচুর করছে। বিদ্যুৎ কর্মীদের মারতেছে, গ্রাহক যেন লোডশেডিং এর যের ধরে অফিস ভাঙচুর না করে, সে জন্য আমি তাদের বোঝাতে চাচ্ছিলাম যে এই অফিস কিভাবে লোডশেডিং পরিচালনা করে।’
তিনি আরও লিখেছেন, ‘মুল কথা তারা যেন আমাদের অফিসে হামলা না করে।’
নিজের উদ্দেশ্য ব্যাখ্যা করে সুমন বলেন, ‘কিন্তু সেটা যে মানুষ জাতির কাছে এমনভাবে উপস্থাপন করবে, আমি বুঝতে পারিনি। কিভাবে কি হয়ে গেলো আমি বুঝতেই পারিনি, বিশেষ করে কিছু পত্রিকা এমনভাবে নিউজ করলো আমাকে নিয়ে যেখানে আমার বেঁচে ফেরার পথ রাখেনি।’
তবে কাউকে দায়ী না করে তিনি বলেন, ‘আমি কাউকে দোষারোপ করছি না, হয়তো এটা আমার ভাগ্যে ছিল, আর আমারও ভুল ছিল আমি অফিসের কথা ভেবে ভিডিও করছি। আমি বুঝতে পারছি আমি অজান্তেই কতোবড় একটা বিপদ ডেকে এনেছি।’
পোস্টের শেষাংশে নিজের, দেশের ও দেশের মানুষের কাছে আবারও ক্ষমা চান এই বিদ্যুৎকর্মী। তিনি লিখেছেন, ‘সর্বশেষ আমি, আমার দেশ ও দেশের মানুষের কাছে আবারও দুঃখ প্রকাশ করছি। আমার কথা ও কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে নিজ গুনে ক্ষমা করে দিবেন। বিশেষ করে আমার ঊর্ধ্বতন স্যারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি সত্যি বুঝতে পারিনি বিষয়টা এতদূর গড়াবে।’
এরপর বিদ্যুৎ নিয়ে আর কোনো পোস্ট বা ভিডিও প্রকাশ করবেন না বলেও প্রতিশ্রুতি দেন সুমন। তার ভাষায়, ‘সেই সাথে আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন বিদ্যুৎ বিষয়ে কোনো পোস্ট বা ভিডিও আপলোড করবো না।’
সবশেষে নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, ‘সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।’