
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। দেশ এত ঋণ করে ফেলেছে যে, সঠিকভাবে পরিকল্পনা না করলে একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়বে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বিদ্যুৎমন্ত্রী বলেন, যথাযথ পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট প্রণয়ন করেছে, যাতে মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে এই বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এর আগে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রামট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী। এ সময় তিনি নিজে একটি ট্রাকে ওঠেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে চায়ের দোকানে এ নিয়ে সমালোচনা করবেন, তা তিনি জানেন। তবে মানুষকে দেখানোর জন্য তিনি ট্রাকে ওঠেননি।
মন্ত্রী বলেন, ‘আজকে থেকে ত্রিশ-চল্লিশ বছর আগে দেখেছি। ঘুম থেকে উঠে দেখেছি, এরকম একটা গাড়ি রাস্তা পরিষ্কার করছে। রাস্তা চকচক করছে সেই উচ্ছ্বাসে আমি ট্রাকে উঠেছি।’
তিনি আরও বলেন, পৌরসভার এসব গাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। কারণ, সরকারের বাপ-মা জনগণ।
এর আগে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অনেকেই উপস্থিত ছিলেন।