
রাজধানী ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ সাময়িকভাবে মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় কোথাও কোথাও বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে সাতটি অঞ্চলে ঝড়ো আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।
এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে। পরদিন রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৪ মিনিটে।