
যান্ত্রিক ত্রুটির কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে। ইউনিটটি সচল থাকা অবস্থায় জাতীয় গ্রিডে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
তিনি জানান, যান্ত্রিক ত্রুটি শনাক্ত করে তা দ্রুত মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে ইউনিটটি পুনরায় চালু করা হবে। বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছিল।
বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, এর আগেও গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়েছিল। পরে মেরামত শেষে ২ আগস্ট আবার উৎপাদনে ফেরে ইউনিটটি।
এদিকে, বর্তমানে কেন্দ্রটির ৩ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আর ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।