
সরকারের সমালোচনা বা সরকারের বিরুদ্ধে মতপ্রকাশের ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে করণীয় নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের সমালোচনা সবাই করতে পারে। সরকারের বিরুদ্ধে বলার অধিকার আছে। সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলেও কোনো পদক্ষেপ নেওয়া হবে না। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।’
তিনি জানান, সাইবার সুরক্ষা আইন সংশোধনের কাজ চলছে। এ জন্য একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। ইয়াসের খান চৌধুরী বলেন, ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিষয়ে আমরা কাজ করছি। এ লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনটি কীভাবে আরও কার্যকর ও শক্তিশালী করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে।’
নারী ও শিশুর অনলাইন নিরাপত্তাকে সংশোধিত আইনে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সাইবার বুলিং, মানহানিকর প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে অপপ্রচারের কারণে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনে প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে।
আইনটি চূড়ান্ত করার আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে আইন যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপব্যবহার করতে না পারে, সেদিকেও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ঠেকাতে সচেতনতা ও নৈতিক শিক্ষার প্রসারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও ও রিলস তৈরির কাজ করছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এসব কনটেন্ট স্কুল-কলেজসহ বিভিন্ন পর্যায়ে প্রচারের পাশাপাশি তথ্য অফিস ও সাংবাদিকদের মাধ্যমেও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।