
ঢাকার বাইরে প্রথমবারের মতো জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন হতে যাচ্ছে। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে জেলার তিন উপজেলা—কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়ায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। এরপর কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করবেন তিনি। কিশোরগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণসহ আরও কয়েকটি কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
নির্বাচনের পর এটিই তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফর। তাকে স্বাগত জানাতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি শেষ করেছে। জেলা শহর, কটিয়াদী ও পাকুন্দিয়ার বিভিন্ন সড়ক ও স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সাজানো হয়েছে সার্কিট হাউস।
সফরকে কেন্দ্র করে জেলার নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও তাকে দেখার ও বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও সফরটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, এ সফরের মাধ্যমে কিশোরগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা পূরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের সই করা সফরসূচি অনুযায়ী, সড়কপথে কিশোরগঞ্জ যাবেন তারেক রহমান।
সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন তিনি। সেখানে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েরও কথা রয়েছে।
এরপর বেলা সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টার দিকে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
দুপুর আড়াইটায় কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই স্থানে ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
পরে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে যাবেন তারেক রহমান। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে মৎস্যসম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখা দেশের ১৪ জন উদ্যোক্তাকে রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদক দেওয়া হবে।
এ ছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার কর্মসূচির পাশাপাশি দেশের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পাইলট কার্যক্রমও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।