
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিরোধীদলীয় নেতারা এখন যে ভাষায় বলছেন, ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না’, ঠিক একই ধরনের বক্তব্য অতীতে শেখ হাসিনাও দিতেন।
সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল, সরকারকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেবে না। বর্তমান বিরোধীদলের নেতারাও এখন একই ধরনের ভাষা ব্যবহার করছেন।
জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না—এমন ধারণা ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, গণভোটসংক্রান্ত একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছে এবং এর মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি বলেন, যেসব বিষয়ে বিএনপির ভিন্নমত রয়েছে, সেগুলো দল স্পষ্টভাবে জানিয়েছে। তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশই বিএনপি বাস্তবায়ন করবে।
রাজপথের রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি বলেন, বিরোধীদলের নেতারা যেভাবে বক্তব্য দিচ্ছেন, তা ঠিক নয়। আন্দোলন করা বিরোধীদলের অধিকার হলেও সেটি যেন কোনোভাবেই সংঘাতের দিকে না যায়।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করার পরিবর্তে কেবল নেতিবাচক প্রচারণা চালানো হলে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। দেশের স্বার্থে সংঘাত নয়, বরং সহনশীলতা ও জাতীয় ঐক্যের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।
গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। পাশাপাশি বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।