
রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস উদযাপন, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলভিত্তিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ৩০ জুলাই এ-সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়। যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠিটি ইতোমধ্যে দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
প্রেরিত নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, রাষ্ট্রীয় যেকোনো অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা ও অন্যান্য প্রটোকলভিত্তিক আয়োজনে আসন বিন্যাস, আমন্ত্রণপত্র প্রদান এবং সরকারি চিঠিপত্রে নামের ক্রম নির্ধারণসহ সব ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে। মূলত এর মাধ্যমে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য উপযুক্ত সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতেই এ নির্দেশ প্রদান করা হয়েছে।
নির্দেশনা পত্রে আরও উল্লেখ করা হয়, সরকারি নানা অনুষ্ঠান ও প্রটোকল-সংক্রান্ত যাবতীয় কার্যক্রমে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। এটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানরা তাদের আইনানুগ ও প্রাপ্য রাষ্ট্রীয় প্রটোকল এবং যথাযথ মর্যাদা পাবেন বলে প্রত্যাশা করছে স্থানীয় সরকার বিভাগ।
জারি করা এই চিঠিটির অনুলিপি অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট সকল বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, সকল পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট মোট ১১টি দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে নির্দেশনাটি মাঠে যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।