
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানোর অভিযোগ তুলে ১২ ঘণ্টার মধ্যে জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব মো. বিল্লাল হোসেন ব্যাপারী। নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে না পারলে থানার সামনে আত্মহত্যা করবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (২ আগস্ট) বিকেলে শ্রীপুর থানা-পুলিশ আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীনের উপস্থিতিতে এ ঘোষণা দেন বিল্লাল হোসেন ব্যাপারী।
তিনি গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের বাসিন্দা এবং শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব।
সভায় বক্তব্য দিতে গিয়ে বিল্লাল হোসেন ব্যাপারী অভিযোগ করেন, কয়েকটি ভুয়া ফেসবুক আইডি তার একটি ছবির সঙ্গে টেবিলে রাখা কয়েকটি মদের বোতল এবং আরও দুই ব্যক্তির ছবি যুক্ত করে সম্পাদিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু এখন পর্যন্ত এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।
পুলিশ সুপারকে উদ্দেশ করে বিল্লাল হোসেন ব্যাপারী বলেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে অপপ্রচারকারীদের শনাক্ত করা না হলে তিনি থানার সামনে এসে আত্মহত্যা করবেন।
তিনি আরও প্রশ্ন তুলে বলেন, একজন পৌর বিএনপি নেতার অভিযোগেরও যদি কার্যকর প্রতিকার না হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে পুলিশের কাছ থেকে সেবা পাবে?
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন ব্যাপারীর বক্তব্যের পর তাকে সঠিক বিচার নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী যেমন প্রতিটি নাগরিকের পাশে থাকে, তেমনি তার পাশেও থাকবে এবং তিনি ন্যায়বিচার পাবেন বলেও তাকে নিশ্চিত করা হয়েছে।