
৫ আগস্টকে ঘিরে দেশে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো নাশকতা চালাতে পারবে বলে সরকার মনে করে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের প্রসঙ্গ তুলে এক সাংবাদিক জানতে চান, আগস্ট ঘিরে আওয়ামী লীগ নতুন করে সক্রিয় হতে পারে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। ৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নাশকতা করতে দেওয়া হবে না। সেই শক্তিও এই দলটির এখন আর নেই।’
তিনি আরও বলেন, ‘দলটি একদিকে নিষিদ্ধঘোষিত (কার্যক্রম নিষিদ্ধ), আবার মাফিয়া শক্তি। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিতে পারে। এর বেশি কিছু দেখা যায় না।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৫ আগস্টের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ৫ আগস্ট উপলক্ষে বিএনপি আগামীকাল (মঙ্গলবার) একটি সভার আয়োজন করেছে। এতে যুগপৎ আন্দোলনের শরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা নিয়ে পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টা তা নয়! আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এটা সব সময় চালু থাকে, যাতে আনঅ্যাটেনডেড কোনো ভেহিকেল না রাখে। টিমের পুরো সদস্য যেন একসাথে চা খেতে না যায়, টিমের পুরো সদস্য যেন গাড়ি রেখে সবাই একসাথে বিশ্রাম না করে—কেউ না কেউ গাড়িটা অ্যাটেন্ড করবে। সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। এটা নরমাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।’
তিনি আরও বলেন, ‘টিমের পুরো সদস্য যেন এক সাথে চা না খেতে যায়, গাড়ি রেখে সবাই যেন বিশ্রাম না করে, সবাই যেন সতর্ক থাকে; এটা নরমাল প্রাকটিস।’
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আইনি প্রক্রিয়ার পাশাপাশি কূটনৈতিক চ্যানেল ব্যবহার করেও সরকার তার প্রত্যাবর্তন নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।
মন্ত্রী বলেন, বেনজীর আহমেদ যাতে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে না পারেন, সে জন্য দেশটির আদালত শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে আমিরাতে নিয়োজিত একটি ‘ল’ ফার্মকে আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহ এবং দ্রুত জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ‘তার (বেনজীর) আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও আদালতে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। সরকার সন্দেহ করছে যে, সাবেক পুলিশপ্রধানের একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে। এ বিষয়টি সরকারের আইনি কৌশল প্রণয়নের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে।’
২৪ জুলাই উল্টো রথযাত্রার দিন মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার এবং তা নিষ্ক্রিয় করার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রথযাত্রা এবং উল্টো রথযাত্রা—এই দুইটাকে আমরা নিরাপদ করার জন্য সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসমূহ খুব সমন্বিত প্রচেষ্টা নিয়েছিল। কোনো অসুবিধা হয় নাই এবং শান্তিপূর্ণভাবে সেটা অনুষ্ঠিত হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের ওইদিকে, মতিঝিলের ওইদিকে একটা মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ জিনিস পাওয়া যায়—একটা ছাতার মধ্যে। এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কি না।’
তিনি জানান, আশুলিয়াতেও একই ধরনের একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। এই দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তার ভাষায়, আগের সময়ের তুলনায় এ ধরনের ঘটনা কমেছে। তবে উগ্রবাদী কর্মকাণ্ড ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় বিশেষায়িত দল সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সার্জিও গোর প্রধানমন্ত্রীর সঙ্গে কল অনের পরেই নিজেই তো স্টেটমেন্ট দিয়েছেন যে, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী এবং আস্থাশীল। যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশে অগ্রগতি সাধিত হবে—তিনি আশা প্রকাশ করেছেন; এটা তার মুখেরই কথা।’