
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে সবচেয়ে বেশি অর্থ ব্যয়ের হিসাব দিয়েছে জামায়াতে ইসলামী। অন্যদিকে, দলীয় নির্বাচনি ব্যয় একেবারেই হয়নি বলে নির্বাচন কমিশনে হিসাব জমা দিয়েছে ২৮টি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) জানায়, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী দলীয় ব্যয় দেখিয়েছে প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা। আর নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করা বিএনপি দলীয় ব্যয় দেখিয়েছে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে ৪৯টি দলের নির্বাচনি ব্যয়ের তথ্য গত ২৬ জুলাই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে কোন দল কোন খাতে কত অর্থ ব্যয় করেছে, সেই বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। শুধু প্রতিটি দলের মোট নির্বাচনি ব্যয়ের হিসাব তুলে ধরা হয়েছে।
কোন দল কত ব্যয় দেখিয়েছে
গত জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ২৮৮টি আসনে প্রার্থী দেয় বিএনপি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হিসাবে দলটির মোট ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৮৯ হাজার ১৩৭ টাকা।
অন্যদিকে, ২২৪টি আসনে প্রার্থী দেওয়া জামায়াতে ইসলামী দলীয় ব্যয় দেখিয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা।
প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২ জন প্রার্থী দিয়েছিল। দলটি ব্যয় দেখিয়েছে ১২ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৩ জন প্রার্থী দিয়ে ব্যয় দেখিয়েছে ৩৩ লাখ ৬৫ হাজার ৯৭১ টাকা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৬৫ জন প্রার্থী দিয়ে দলীয়ভাবে ব্যয় করেছে ২০ লাখ ৯৬ হাজার ২৬৩ টাকা।
জাতীয় পার্টি (জেপি) ১০ জন প্রার্থী দিয়ে ব্যয় দেখিয়েছে ১৮ হাজার ৮৭৫ টাকা। জাতীয় পার্টি (এরশাদ) ১৯২ জন প্রার্থী দিয়ে ব্যয় দেখিয়েছে ৫ লাখ ৫ হাজার টাকা। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ২৬ জন প্রার্থী দিয়ে ব্যয় করেছে ৩ লাখ ৩৫ হাজার টাকা। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ৩৯ জন প্রার্থী দিয়ে ব্যয় দেখিয়েছে ২ লাখ ৭৬ হাজার টাকা। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ১৯ জন প্রার্থী দিয়ে ব্যয় করেছে ১ লাখ ৪০ হাজার ১৫০ টাকা।
বাংলাদেশ খেলাফত মজলিস ২৩ জন প্রার্থী দিয়ে ব্যয় দেখিয়েছে ৭ লাখ ৩০ হাজার টাকা। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ২৬ জন প্রার্থী দিয়ে ব্যয় দেখিয়েছে ১ লাখ টাকা। খেলাফত মজলিসের একটি অংশ ৩৪ জন এবং অপর অংশ ২১ জন প্রার্থী দিয়ে ব্যয় দেখিয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।
বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ৬ জন প্রার্থী দিয়ে ব্যয় দেখিয়েছে ৩ হাজার টাকা। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) ১৯ জন প্রার্থী দিয়ে ব্যয় করেছে ২ লাখ ২৭ হাজার ১৫২ টাকা। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) ১১ জন প্রার্থী দিয়ে ব্যয় দেখিয়েছে ২ লাখ টাকা।
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩০ জন প্রার্থী দিয়ে ব্যয় করেছে ১৭ লাখ ৮১ হাজার ৭১০ টাকা। গণঅধিকার পরিষদ ৯০ জন প্রার্থী দিয়ে ব্যয় দেখিয়েছে ৮ লাখ ১০ হাজার টাকা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২ জন প্রার্থী দিয়ে ব্যয় করেছে ১২ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ২৯ জন প্রার্থী দিয়ে ব্যয় দেখিয়েছে ১ লাখ ৯ হাজার টাকা। আমজনতার দল ১৫ জন প্রার্থী দিয়ে ব্যয় করেছে ৪২ হাজার ৫২০ টাকা। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২৮ জন প্রার্থী দিয়ে ব্যয় দেখিয়েছে ২০ লাখ ১৬ হাজার ৬০০ টাকা।
শূন্য ব্যয় দেখিয়েছে যেসব দল
নির্বাচন কমিশনে দলীয় নির্বাচনি ব্যয় শূন্য দেখিয়েছে ২৮টি রাজনৈতিক দল। এগুলো হলো—লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), যারা ১২ জন প্রার্থী দিয়েছিল; জাকের পার্টি ৭ জন; বাংলাদেশ খেলাফত আন্দোলন ৮ জন; বাংলাদেশ মুসলিম লীগ ১২ জন; ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ২৩ জন; জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৪ জন; গণফোরাম ১৯ জন; গণফ্রন্ট ৫ জন; বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) একজন; বাংলাদেশ জাতীয় পার্টি ৫ জন; বাংলাদেশ কল্যাণ পার্টি ১২ জন; ইসলামী ঐক্যজোট ১২ জন; জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) একজন; বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ৭ জন; বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ৮ জন; জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ৮ জন; বাংলাদেশ কংগ্রেস ১৮ জন; ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ৪২ জন; বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ১৯ জন; নাগরিক ঐক্য ১১ জন; গণসংহতি আন্দোলন ১৭ জন; বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২ জন; বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ৮ জন; বাংলাদেশ লেবার পার্টি ১৫ জন; বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ১২ জন; জনতার দল ১৯ জন; বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) একজন এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
যদিও নির্ধারিত সময়সীমা পেরিয়ে জমা দেওয়া আয়-ব্যয়ের হিসাব এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হিসাব অনুযায়ী, এসব দল তাদের দলীয় নির্বাচনি ব্যয় ‘শূন্য’ হিসেবে উল্লেখ করেছে।