
ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে তিনি সুবিধাজনক সময়ে সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহও প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার ঢাকাস্থ ইউএই দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে পাঠানো এক চিঠিতে ইউএই প্রেসিডেন্ট কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
চিঠিতে শেখ মোহাম্মদ ইরানের হামলায় ইউএইতে বসবাসরত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতিও আন্তরিক সমবেদনা জানান।
এতে আরও উল্লেখ করা হয়, অর্থনীতি, উন্নয়ন এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে আগ্রহী ইউএই। এ বিষয়ে নিজের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন দেশটির প্রেসিডেন্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বাংলাদেশ সফরের আমন্ত্রণকে স্বাগত জানিয়ে শেখ মোহাম্মদ বলেন, প্রথম সুবিধাজনক সুযোগেই তিনি সরকারি সফরে ঢাকা আসতে চান।
তিনি আশা প্রকাশ করেন, এই সফর বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চিঠিতে আরও বলা হয়েছে, পারস্পরিক শ্রদ্ধা, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতেই বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি শক্তিশালী ও বহুমাত্রিক সম্পর্ক গড়ে উঠেছে।