.jpg)
আশির দশকের জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘নটস ল্যান্ডিং’-এর অভিনেত্রী ডোনা মিলস নতুন এক সিদ্ধান্তের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন। ৮৫ বছর বয়সে তিনি প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্ম অনলি ফ্যানস-এ নিজের অ্যাকাউন্ট চালু করেছেন। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস।
তবে ডোনা মিলসের দাবি, বিতর্কিত কোনো কনটেন্ট প্রকাশের উদ্দেশ্যে নয়; বরং দীর্ঘদিনের ভক্তদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ গড়ে তুলতেই তিনি এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন।
ভ্যারাইটি-কে দেওয়া এক বিবৃতিতে ডোনা বলেন, ‘বছরের পর বছর ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। সামাজিক যোগাযোগমাধ্যম আমাকে তাদের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করেছে। কিন্তু অনলি ফ্যানস এমন একটি জায়গা, যেখানে আরও ব্যক্তিগত ও সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে।’
তিনি জানান, নতুন অ্যাকাউন্টের মাধ্যমে নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত, শুটিংয়ের নেপথ্যের গল্প এবং ব্যক্তিগত অভিজ্ঞতা অনুসারীদের সঙ্গে ভাগ করে নেবেন।
ডোনা আরও বলেন, ‘আমি আমার প্রতিদিনের জীবনের মুহূর্ত, ক্যামেরার পেছনের দৃশ্য এবং ভক্তদের সঙ্গে আরও অর্থবহভাবে সময় কাটাতে চাই। এটি আমার পরিচয় বদলে ফেলার বিষয় নয়; বরং যারা এত বছর ধরে আমাকে সমর্থন করেছেন, তাদের সঙ্গে আরও কাছাকাছি থাকার একটি নতুন মাধ্যম।’
জানা গেছে, তার এই উদ্যোগে সহযোগিতা করছে ক্রিয়েটরস আইএনসি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডি বাখম্যান বলেন, ‘এটি ডোনাকে বদলে দেওয়ার চেষ্টা নয়; বরং তার দীর্ঘদিনের ভক্তদের কাছে তার ব্যক্তিত্ব, রুচি ও নেপথ্যের মুহূর্তগুলো আরও সহজে পৌঁছে দেওয়ার একটি উপায়। ডোনা সব সময়ই সাহসী এবং সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন মানুষ।’
১৯৬৬ সালে ‘দ্য সিক্রেট স্টর্ম’ সিরিজের মাধ্যমে টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন ডোনা মিলস। পরে ‘নটস ল্যান্ডিং’ সিরিজে অ্যাবি কানিংহাম চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে পরিচিতি অর্জন করেন। এছাড়া ‘জেনারেল হসপিটাল’-এ অতিথি চরিত্রে অভিনয়ের জন্য তিনি ডেটাইম এমি অ্যাওয়ার্ড লাভ করেন।
সাম্প্রতিক সময়ে হলিউডের তারকাদের মধ্যে অনলি ফ্যানস-এ যোগ দেওয়ার প্রবণতা বেড়েছে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে ‘আমেরিকান পাই’ খ্যাত অভিনেত্রী শ্যানন এলিজাবেথ এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রথম সাত দিনেই ১২ লাখ ডলারের বেশি আয় করেছেন বলে জানা গেছে।