
কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জন্য পাঁচ বক্স আম উপহার পাঠিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইশাক দার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পাকিস্তান হাই কমিশন এক কূটনৈতিক চিঠির মাধ্যমে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ উপহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করে।
কূটনৈতিক নোটে উল্লেখ করা হয়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইশাক দার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ঐতিহ্যবাহী কূটনৈতিক সৌজন্যের নিদর্শন হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জন্য এই আম উপহার পাঠিয়েছেন।
চিঠিতে আরও জানানো হয়, ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উপহারটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রোটোকলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
উপমহাদেশে দীর্ঘদিন ধরে ফলের মৌসুমে কূটনৈতিক সৌহার্দ্য জোরদারের অংশ হিসেবে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীদের কাছে আমসহ নানা উপহার পাঠানোর একটি প্রচলিত রীতি রয়েছে।