
নির্বাচনী ইশতেহার ও জাতীয় জুলাই সনদ—দুই অঙ্গীকারকেই সমান গুরুত্ব দিয়ে বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ। তার ভাষ্য, এই দুই প্রতিশ্রুতির সমন্বিত বাস্তবায়নের মাধ্যমেই সরকারের কর্মপরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।
শুক্রবার (১৮ জুলাই) সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকারের পাশাপাশি জাতীয় জুলাই সনদে অন্তর্ভুক্ত প্রতিশ্রুতিগুলোও ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় ঘোষিত প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার চেষ্টা চলছে।
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, উন্নয়নের নানা প্রচারণা থাকলেও বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে অবনতি ঘটেছে। বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয়কে তিনি সবচেয়ে উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তার মতে, মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া কোনো দেশের টেকসই অগ্রগতি সম্ভব নয়।
প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করেন। দেশের গুণগত পরিবর্তন আনতে তিনি নিজেই নেতৃত্ব দিচ্ছেন এবং দল-মত নির্বিশেষে সবাইকে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্যের নিষ্পত্তি ব্যালটের মাধ্যমে হতে পারে, তবে দেশ গঠনের ক্ষেত্রে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী ব্যক্তি-নির্ভর রাজনীতি বা ব্যক্তিপূজার সংস্কৃতিতে বিশ্বাসী নন। জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকাকেই তিনি গুরুত্ব দেন। এ কারণে নিয়মিত ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সফর করে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
চলতি অর্থবছরের বাজেটকে সরকারের অন্যতম বড় সাফল্য হিসেবে উল্লেখ করে আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা জনজীবনে অস্থিরতা সৃষ্টি হয়নি। এ কারণেই তিনি বাজেটটিকে ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে অভিহিত করেন।