
তুরাগ নদে সাতজনের লাশ ভাসছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল দুর্বল করার অপচেষ্টা চলছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
শনিবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, ‘তুরাগ নদে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে, তার কোনো সত্যতা পাওয়া যায়নি। এ ধরনের কোনো ঘটনার খবরও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসেনি।
বিজ্ঞপ্তিতে দেশবাসীকে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
এ ধরনের অপপ্রচারে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি, গুজব ছড়ানোর সঙ্গে কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর।