
চীন-মিয়ানমার করিডোরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ট্রাকযোগে চীনে পণ্য পরিবহন সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ করিডোর চালু হলে বাংলাদেশ-চীন বাণিজ্য আরও গতিশীল হবে এবং চীনা বিনিয়োগও উল্লেখযোগ্যভাবে বাড়বে।
শনিবার (২৭ জুন) সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, চট্টগ্রামে ৮০০ একর জমিতে একটি চীনা শিল্পপার্ক (চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল পার্ক) প্রতিষ্ঠার বিষয়ে সম্প্রতি মন্ত্রিসভায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সফরকালে চীনের প্রধানমন্ত্রী, শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং বড় বিনিয়োগকারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এর ফলে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়বে এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, চীন ইতোমধ্যে বাংলাদেশের সব পণ্যের জন্য শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণ করা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে সমালোচনার বিষয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, প্রচলিত নিয়ম অনুসরণ করেই কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বলেন, বিচারহীনতা একটি রাষ্ট্রের সামাজিক ও সাংবিধানিক কাঠামোকে দুর্বল করে দেয়। তাই ন্যায়বিচার, মৌলিক অধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে আইনজীবীদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় তিনি জানান, অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর শাস্তির বিধান রেখে একটি নতুন আইন জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে, যা সংসদীয় প্রক্রিয়া শেষে শিগগিরই পাস হবে। পাশাপাশি মাদক-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগও নেওয়া হচ্ছে।
আইনজীবীদের আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গবেষণা ও আদালতে কার্যকর উপস্থাপনা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন বাণিজ্যমন্ত্রী।