
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করেছেন বিক্ষুব্ধ জনতা। হত্যাকারীর দ্রুত ও প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রতিবাদ মিছিল নিয়ে মানুষ মিরপুর-১০ এ জড়ো হন। পরে সেখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু করেন।
বিক্ষোভকারীরা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায় ‘আমার বোন খুন হলো কেন’, ‘ফাঁসি চাই’ এবং ‘অপরাধীর আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’—এমন নানা প্রতিবাদী বক্তব্য।
আন্দোলনকারীরা দাবি করেন, দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের মতে, শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে মিরপুর এলাকার একটি ভবন থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে সোহেল রানাকে গ্রেপ্তারের পর ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।