আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির মধ্যে আগামী ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ঈদের আগে ওই দিন অফিস খোলা থাকবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে টানা ৭ দিনের ঈদের ছুটি থাকবে। এর আগে ২৪ মে (রোববার) পর্যন্ত অফিস কার্যক্রম চলমান থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী এই ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, ঈদের ছুটি শুরুর আগে ২৩ মে সাপ্তাহিক ছুটি বাতিল করে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি পরিষেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবেন। একই সঙ্গে হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবাও চালু থাকবে।
ঈদের ছুটিকালীন ব্যাংকিং কার্যক্রম সচল রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে এবং আদালতের কার্যক্রম নিয়ে সুপ্রিম কোর্ট আলাদা নির্দেশনা জারি করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এছাড়া বেসরকারি শিল্প ও কলকারখানার ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।