
সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এসব হামলা শুধু বেসামরিক নাগরিকদের জন্যই নয়, সেখানে বসবাসরত বাংলাদেশিদের জীবনও গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছে। চলমান সংঘাতে ইতোমধ্যে আটজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সবসময় বিশ্বাস করে যে যেকোনো বিরোধের সমাধান আলোচনা ও কূটনৈতিক উপায়ে হওয়া উচিত। সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে।
এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে, যা ইতোমধ্যেই অস্থিতিশীল পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।