
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন র্যাব সদস্যরা। হামলায় তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে নারায়ণগঞ্জ শহরের লিচুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে দুই সদস্যকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল-এ চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে এসআই নজিবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর লুৎফর রহমান হাদী জানান, ফতুল্লা থানার মাসদাইর (বোয়ালিয়াখাল) এলাকায় মাদক ব্যবসায়ীদের আস্তানা সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধভাবে র্যাবের ওপর হামলা চালায়।
ঘটনার খবর পেয়ে র্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে হাসপাতালে আহতদের দেখতে যান এবং পরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
হামলার পর পুরো এলাকা র্যাব ঘিরে রেখেছে এবং জড়িতদের ধরতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। মেজর লুৎফর রহমান হাদী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার সঙ্গে জড়িত কেউই পার পাবে না; মূল হোতাসহ সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, মাদক নির্মূলের অভিযানে র্যাব সদস্যদের এ ধরনের ত্যাগ তাদের মনোবল আরও দৃঢ় করছে।