
মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি জানান, বিরোধী দলে থাকাকালেও মুক্তিযুদ্ধের স্মৃতি মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করেছেন।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সম্মেলনের প্রথম অধিবেশনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। আমরা এই অর্জনকে লালন করি ও ধারণ করি।”
মন্ত্রী আরও বলেন, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকে বিরোধী দলে থাকলেও তারা স্বাধীনতার চেতনা মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে গেছেন।
আহমেদ আযম খান বলেন, মুক্তিযুদ্ধকে জাতির কাছে চিরস্মরণীয় করে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, বর্তমানেও মুক্তিযুদ্ধের ইতিহাস ও এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।