
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, স্বৈরাচারের মতো আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। তিনি জানান, দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইন নিয়ে বিএনপি উদ্বিগ্ন নয় এবং আইনের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না দলটি।
শনিবার (২ মে) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, কেউ যদি ‘পতিত স্বৈরাচারের’ মতো আচরণ করে, তাহলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, আইন অমান্য করে কেউ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালালে সেটি মোকাবিলা করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর, রাজনৈতিক দল হিসেবে বিএনপির নয়। বিএনপি শুধু জনগণের সামনে রাজনৈতিক বাস্তবতা ও অতীত কর্মকাণ্ড তুলে ধরার কাজ করে।
তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার কোনোভাবেই জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়াবে না। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে পুনর্গঠনের উদ্যোগ শিগগিরই শুরু হবে এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করতে জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতিও চলছে।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।