
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ফেরিঘাটে যাত্রী নিরাপত্তা নিশ্চিতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। ফেরিতে ওঠা ও নামার সময় বাস থেকে যাত্রীদের নামিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ নির্দেশনা অমান্য করলে বাসচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবার (৪ মে) সন্ধ্যায় ঈদুল আজহা উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, 'ফেরিঘাটে বাস থেকে যাত্রীদের নামিয়ে তারপর ফেরিতে ওঠা এবং নামার বিষয়টি নিশ্চিত করতে হবে। এ জন্য প্রতিটি ঘাটে সাইনবোর্ড ও মাইকিং থাকবে। যদি কোনো বাস চালকের গাফিলতি পাওয়া যায়, তবে তার লাইসেন্স নিয়ে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।'
বৈঠকে ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সড়ক, নৌ ও রেলপথে সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়। অতীতের দুর্ঘটনা ও ভোগান্তির অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ফেরিঘাটে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ছাড়া সড়ক-মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পুলিশ সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল গঠন করে মহাসড়কের সিসি ক্যামেরা পর্যবেক্ষণের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদযাত্রায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন সংশ্লিষ্ট সংস্থা এবং স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।