
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সড়ক, মহাসড়ক ও রেললাইনের ওপর কোনো ধরনের পশুর হাট বসতে না দেওয়ার কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। একই সঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৪ মে) সন্ধ্যায় ঈদুল আজহার প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে সড়ক, মহাসড়ক, রেললাইন কিংবা নৌপথের আশপাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। সব ধরনের যোগাযোগব্যবস্থায় সমন্বিত শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
ফেরিঘাটে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে তিনি বলেন, 'ফেরিঘাটে বাস থেকে যাত্রীদের নামিয়ে তারপর ফেরিতে ওঠা এবং নামার বিষয়টি নিশ্চিত করতে হবে। এ জন্য প্রতিটি ঘাটে সাইনবোর্ড ও মাইকিং থাকবে। যদি কোনো বাস চালকের গাফিলতি পাওয়া যায়, তবে তার লাইসেন্স নিয়ে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।'
সড়ক দুর্ঘটনায় দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে মহাসড়কের পাশের ট্রমা সেন্টারগুলোকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিভিল সার্জনের তত্ত্বাবধানে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও সরঞ্জাম প্রস্তুত রাখা হবে। পাশাপাশি উপজেলা ও জেলা হাসপাতালগুলোকে ঈদের সাত দিন আগে থেকেই প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদযাত্রা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সদর দপ্তরে বিশেষ ‘মনিটরিং সেল’ গঠন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই সেলের মাধ্যমে মহাসড়কের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ এবং জেলা পর্যায়ের তথ্য সংগ্রহ করে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।
চামড়া ব্যবস্থাপনায়ও এবার কড়াকড়ি আরোপের কথা জানায় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কোরবানির পর প্রথম ৭ দিন ঢাকার বাইরে থেকে কোনো চামড়া রাজধানীতে প্রবেশ করতে পারবে না। চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণ করতে হবে।”
এ ছাড়া চামড়া সংরক্ষণে মাদ্রাসা ও এতিমখানাসংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।