
সড়ক নিরাপত্তা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে দেশের মহাসড়কগুলোকে ধাপে ধাপে সিসি ক্যামেরার আওতাভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রথম পর্যায়ে জাতীয় মহাসড়কগুলোতে এই ব্যবস্থা চালু করা হবে, এরপর পর্যায়ক্রমে আঞ্চলিক মহাসড়কগুলোও এর আওতায় আসবে।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদুল ফিতরের সময় অনাকাঙ্ক্ষিতভাবে দুই-তিনটি বড় দুর্ঘটনা ঘটেছে। তবে সামগ্রিকভাবে সড়ক দুর্ঘটনা কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই সিসি ক্যামেরা স্থাপনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে না পারার সীমাবদ্ধতা রয়েছে। তবে এবার জাতীয় মহাসড়কগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনার কাজ অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।
সড়ক অবকাঠামো প্রসঙ্গে তিনি জানান, দেশে সড়ক প্রশস্তকরণের ব্যাপক চাহিদা রয়েছে। সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী সড়ক সম্প্রসারণে প্রায় ৩ লাখ কোটি টাকা প্রয়োজন হতে পারে। তবে বাজেটে সর্বোচ্চ ৪০ হাজার কোটি টাকার মতো বরাদ্দ পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই বাস্তবতায় অগ্রাধিকার নির্ধারণ করে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
সড়কে থ্রি-হুইলার চলাচল প্রসঙ্গে মন্ত্রী বলেন, মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের উদ্যোগ রয়েছে। তবে ছোট সংযোগ সড়কের কারণে পুরোপুরি নিয়ন্ত্রণ এখনো সম্ভব হয়নি। তারপরও আগের তুলনায় নিয়ন্ত্রণ কিছুটা বেড়েছে এবং ধাপে ধাপে এটি আরও কঠোর করা হবে।
রেলপথে পাথর নিক্ষেপের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এটি অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। এ ধরনের ঘটনা বন্ধে জেলা প্রশাসন, রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীকে আরও সক্রিয় হতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সড়কে চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি অপরাধ এবং কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে এবং এ প্রক্রিয়া চলমান থাকবে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যানজট পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এবার গরুবাহী ট্রাক ও যাত্রী চলাচল বেড়ে যাওয়ায় চাপ আরও বেশি হতে পারে। গতবার প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছেড়েছিল, এবার তা আড়াই কোটির কাছাকাছি পৌঁছাতে পারে। পাশাপাশি প্রায় এক কোটি পশু পরিবহন হবে। এই কারণে মহাসড়কে চাপ বৃদ্ধি পাবে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।