
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক প্রশস্ত করতে গাছ না কাটার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশের ভারসাম্য রক্ষার এই সিদ্ধান্তে প্রায় তিন হাজার গাছ রক্ষা পেয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর দ্রুত উদ্যোগ নেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। গত ২১ এপ্রিল সড়ক পরিবহন, সেতু ও রেলমন্ত্রী রবিউল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ এই সড়ককে চার লেনে উন্নীত করার কাজ চলছে। শুরুতে সড়ক প্রশস্ত করতে বিপুলসংখ্যক গাছ কাটার পরিকল্পনা থাকলেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তা পরিবর্তন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, অতীতে সড়ক উন্নয়ন প্রকল্পে গাছ কেটে পরিবেশের ক্ষতি হলেও এবার সেই ধারা থেকে সরে এসে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গাছ কাটার সম্ভাবনার খবর পাওয়ার পরই বিষয়টি খতিয়ে দেখে গাছ না কেটেই কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিকল্প পরিকল্পনায় কাজ শুরু করে। এতে গাছ সংরক্ষণ করেই সড়ক প্রশস্তকরণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি পুরো মেরিন ড্রাইভকে আরও নান্দনিক ও পরিবেশবান্ধব করতে সড়কের দুই পাশে নতুন গাছ লাগানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। এতে সড়ক প্রশস্তকরণের পাশাপাশি রেজু খালের ওপর সেতু নির্মাণ, আরসিসি রিটেইনিং ওয়াল, সিসি ব্লক স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
২০২৬ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।