
উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে আরও ২১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের যৌথ প্রচেষ্টায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে দূতাবাস জানিয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, প্রত্যাবাসিতদের মধ্যে ২০ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। এছাড়া একজন বিপদগ্রস্ত অবস্থায় ত্রিপলী থেকে ফেরত যাচ্ছেন। প্রত্যাবাসনের সময় মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
এর আগে গত ১ এপ্রিল লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে ত্রিপলীর তাজুরা কেন্দ্র থেকে ১১৩ জন এবং বেনগাজীর গানফুদা কেন্দ্র থেকে ৬২ জন ছিলেন। এদের মধ্যে ১৪ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
প্রবাসীদের নিরাপদ প্রত্যাবাসনে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।