
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ কৌশলগত পরামর্শক (সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
অধ্যাপক নিয়াজ আহমদ খান ২০২৪ সালের ২৭ আগস্ট বিশেষ প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পান। ছাত্র-জনতার আন্দোলন-পরবর্তী অস্থিতিশীল সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন। প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।
গ্রামীণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি মুহাম্মদ ইউনূস-এর ‘তিন শূন্য’ দর্শনের ভিত্তিতে পরিচালিত হবে। এই দর্শনের লক্ষ্য হলো—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ নিশ্চিত করা।
এই লক্ষ্য বাস্তবায়নে পাঁচটি পৃথক স্কুলের অধীনে ১৪টি অগ্রাধিকারভিত্তিক শিক্ষা কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালের মার্চে শিক্ষা মন্ত্রণালয় এবং পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একাডেমিক কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক পদে জনবল নিয়োগ প্রক্রিয়া চলছে। ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত এ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিরা জনকল্যাণের উদ্দেশ্যে কাজ করবেন এবং কোনো ধরনের বেতন বা সম্মানী গ্রহণ করবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।