
দেশের বিদ্যুৎ খাতে বড় অগ্রগতি আসছে—আগামী আগস্টের মাঝামাঝি সময়েই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে প্রথমবারের মতো ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে যাচ্ছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আগামী মঙ্গলবার জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম শুরু হবে। এই ধাপ শেষ হলেই আগস্টে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
তিনি আরও জানান, জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ সংযুক্তির এই গুরুত্বপূর্ণ কার্যক্রম উদ্বোধনের জন্য রূপপুরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে মন্ত্রী বলেন, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় পৌঁছে ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। একই বছরের জুনে দ্বিতীয় ইউনিটে জ্বালানি লোডিং শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সব পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন সম্ভব হলে ২০২৭ সালের সেপ্টেম্বর নাগাদ দুই ইউনিট মিলিয়ে মোট ২২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।