
রাজনীতির মাঠে নতুন সমীকরণ—টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় পার্টির দুই নেতার দলবদল ঘিরে আলোচনা তৈরি হয়েছে। কর্মী-সমর্থকদের নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং বহুরিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি ওয়াসিম মিয়ার নেতৃত্বে এই যোগদান সম্পন্ন হয়।
মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইয়াহ হিয়াহ খান মারুফ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দিন মির্জাপুর প্রেস ক্লাবে এসে জাতীয় পার্টির নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। তিনি আরও বলেন, গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে আবুল কাশেমসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা জামায়াতের পক্ষে কাজ করেছিলেন। ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্তত ৩০ জন নেতাকর্মী একসঙ্গে দলটিতে যুক্ত হয়েছেন।
দলবদলের কারণ ব্যাখ্যা করে আবুল কাশেম বলেন, ‘আমি দীর্ঘ ১৫ বছর বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি থেকে দলীয় সাপোর্ট পাইনি। সামনের দিনগুলোতে জামায়াতে ইসলামী আমাকে ও নেতাকর্মীদের মূল্যায়ন করবে এমন আশ্বাসে আমি এই সংগঠনে যোগ দিয়েছি।’
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র সমাজের সভাপতি ওয়াসিম মিয়া, মির্জাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কাশেম মৃধা, সেক্রেটারি জেনারেল জাহাঙ্গীর আলম শাজাহান এবং টাঙ্গাইল জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতা অধ্যক্ষ আব্দুল্লাহ তালাকদারসহ অনেকে।