
শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পাঠাভ্যাস উন্নয়নে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে সরকারের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্র যৌথভাবে কাজ করবে—এমন সিদ্ধান্তও বৈঠকে গৃহীত হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডা. জাহেদ উর রহমান।