
জ্বালানি তেল না পাওয়ার ক্ষোভে নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। হঠাৎ এই অবরোধে সড়কজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সৈয়দপুরের ইকু ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে সড়ক আটকে দেন তারা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
অবরোধে অংশ নেওয়া চালকদের দাবি, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং তেল না পাওয়ার হতাশা থেকেই সাধারণ মানুষের এই প্রতিবাদ। তাদের অভিযোগ, ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া হচ্ছে না, অথচ অনেকেই এখনো সেই কার্ড পাননি—শুধু আবেদন করে অপেক্ষায় আছেন। ফলে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
অবরোধের ফলে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। এতে যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে ব্যাপক ভোগান্তির শিকার হন।