
পুলিশ প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন কর্মকর্তাসহ মোট ২৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনজন উপকমিশনারকেও অভ্যন্তরীণভাবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদলের নির্দেশ কার্যকর করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিমকে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া, পুলিশ অধিদপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলমকে পুলিশ অধিদপ্তরে ডিআইজি হিসেবে এবং রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলীকে সিআইডির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মহানগর পুলিশের কমিশনার, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশের ডিআইজি এবং কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ একাডেমি সারদায় বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তরে ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এবং এ এফ এম আনজুমান কালামকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তার মধ্যেও ব্যাপক রদবদল আনা হয়েছে। এর মধ্যে চারজনকে সিলেট মহানগর পুলিশে বদলি করা হয়েছে—হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, বিশেষ শাখার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিবিআইয়ের মো. আকতার হোসেন এবং এপিবিএনের শাহরিয়ার আল মামুন।
এ ছাড়া, পুলিশ একাডেমি সারদার পুলিশ সুপার এলিজা শারমীনকে এপিবিএনে, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে বিশেষ শাখায়, পুলিশ অধিদপ্তরের এআইজি মাহফুজা আক্তারকে পুলিশ টেলিকমে এবং মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে বদলি করা হয়েছে। পুলিশ টেলিকমের মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুর মহানগর পুলিশে, কিশোরগঞ্জের এস এম ফরহাদ হোসেনকে পিবিআইতে, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে, রংপুরের মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশে এবং এপিবিএনের মোহাম্মদ মোজাম্মেলকে রংপুরের পুলিশ সুপার করা হয়েছে।
এদিকে ডিএমপির তিনজন উপকমিশনারের অভ্যন্তরীণ বদলির আদেশও জারি হয়েছে। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
এ অনুযায়ী, পিওএম দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ মাহমুদুল কবীরকে সচিবালয় নিরাপত্তা বিভাগের ডিসি, এইচআরডি বিভাগের ডিসি মোহাম্মদ মাসুদ রানাকে ট্রাফিক গুলশান বিভাগের ডিসি এবং ট্রাফিক অ্যাডমিন বিভাগের ডিসি মোছা. লিজা বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।