
চট্টগ্রাম বন্দর বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তবে নির্দিষ্ট নীতিমালার আওতায় টার্মিনাল পরিচালনায় অপারেটর নিয়োগের বিষয়টি চলমান রয়েছে।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) অথবা সরকারের অনুমোদিত কাঠামোর মধ্যেই কেবল বন্দরের টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করা হয়ে থাকে।
তিনি আরও জানান, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে। এ লক্ষ্যে দেশি ও বিদেশি অপারেটরের মাধ্যমে বিভিন্ন টার্মিনাল পরিচালিত হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) বর্তমানে একটি বিদেশি অপারেটরের অধীনে পরিচালিত হচ্ছে।
এ ছাড়া কর্ণফুলি নদীর ডান তীরে লালদিয়া চর এলাকায় নতুন লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য পিপিপি পদ্ধতিতে ডেনমার্কভিত্তিক মার্কস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বিভি-এর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।