
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অমীমাংসিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবশেষে প্রথমবারের মতো একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানকে আদালত ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে, যা মামলার তদন্তে নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকার কেরাণীগঞ্জে নিজ বাসভবন থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার (২২ এপ্রিল) বিকেলে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হকের আদালতে হাজির করা হলে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, মামলার সপ্তম তদন্ত পর্যায়ে তিনজন সন্দেহভাজন: সার্জেন্ট জাহিদ, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়। এরপরই তদন্তে গতি আসে এবং গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হয়।
মামলার ইতিহাসে এখন পর্যন্ত ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং চারটি সংস্থার সাতজন তদন্ত কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় ধরে অগ্রগতি না থাকলেও সাম্প্রতিক সময়ে নতুন করে তদন্তে সক্রিয়তা দেখা যায়।
গ্রেপ্তারের দিন বিকেলে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে উপস্থিত হন। আদালতে তাদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়।
আদালত ও তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ এবং ডিএনএ পরীক্ষার ফলাফল মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘদিন পর প্রথম গ্রেপ্তারের ঘটনায় তনুর পরিবার ও সংশ্লিষ্ট মহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে।