.png)
বাস ও লঞ্চ মালিক সমিতি যদি একচেটিয়াভাবে ভাড়া বৃদ্ধি করে, তবে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
বুধবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম এক লাফে ৩৪ টাকা বৃদ্ধি পেয়ে ১১৪ টাকা হলে বাস ও লঞ্চভাড়া যথাক্রমে ২২ শতাংশ ও ৩২ শতাংশ বাড়ানো হয়েছিল। পরে ডিজেলের দাম কমে ১০০ টাকায় নামলেও বাস্তবে যাত্রীরা কোনো ভাড়া কমানোর সুবিধা পাননি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, পরবর্তীতে সরকার কাগজে-কলমে বাসভাড়া কিছুটা কমালেও তা বাস্তবে কার্যকর হয়নি। এ বিষয়ে যথাযথ তদারকির অভাব রয়েছে বলে দাবি করেন তিনি।
সাম্প্রতিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি জানান, ডিজেলের দাম আবার লিটারে ১৫ টাকা বাড়ার পর বাস মালিকরা ৬৪ শতাংশ এবং লঞ্চ মালিকরা ৪২ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধির চেষ্টা করছে।
যাত্রী কল্যাণ সমিতির দাবি, এ ধরনের একতরফা সিদ্ধান্ত সাধারণ যাত্রীদের ওপর চাপ বাড়াবে এবং তা গ্রহণযোগ্য নয়। সংগঠনটি অভিযোগ করে, ভাড়া নির্ধারণ প্রক্রিয়ায় যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে মালিকপক্ষের একচেটিয়া প্রভাব তৈরি করা হচ্ছে।
মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, কিছু প্রশাসনিক সিদ্ধান্ত মালিকদের পক্ষেই যাচ্ছে, যা সাধারণ যাত্রীদের স্বার্থবিরোধী। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।