
দেশের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাই থেকে পাইলট প্রকল্পের আওতায় এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে সারাদেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে। প্রথম মাসেই এক লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হবে।
উপদেষ্টা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য দেশীয় পণ্য ব্যবহার বাড়ানো এবং ‘মেড ইন বাংলাদেশ’ ধারণাকে শক্তিশালী করা। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার বার্তা পৌঁছে দেওয়াও এই উদ্যোগের উদ্দেশ্য।
মাহদী আমিন আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে ধনী-দরিদ্রের ব্যবধান কমিয়ে সমাজে সমতা প্রতিষ্ঠার চেষ্টা করা হবে।
তিনি উল্লেখ করেন, পাটজাত ব্যাগ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করা এবং প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার কমানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে করে হারানো পাটশিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও দেওয়া হবে।