
সামাজিক মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কাউকে নিয়ে যেভাবে লেখা হয়, তা অযৌক্তিক ও ক্ষতিকর বলে মন্তব্য করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এ ধরনের প্রবণতার বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সামাজিক মাধ্যমে কিছু লেখকের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, অনেকেই তথ্য যাচাই না করেই নেতিবাচকভাবে যেকোনো বিষয়ে মন্তব্য করেন।
তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় কিছু লেখক আছেন যারা না জেনে, না বুঝে, যাচাই না করে যা ইচ্ছে লিখে ফেলেন, যার বেশিরভাগই নেতিবাচক।
পেশাদার সাংবাদিকদের প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকরা পরিশ্রম করে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করেন, যা একটি দায়িত্বশীল পেশার অংশ।
সুনেরাহ আরও বলেন, ‘আমার এটা মনে হলো’ বা ‘ওটা মনে হলো’ বলে কারও সম্পর্কে ভিত্তিহীন মন্তব্য বা লেখা ঠিক নয়। তার প্রশ্ন, এ ধরনের লেখার উদ্দেশ্য কি শুধুই মনোযোগ পাওয়া, বিনোদন, নাকি আয় করা?
সবশেষে তিনি ভক্ত-অনুরাগীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, ভিত্তিহীন ও গুজবভিত্তিক বিষয় নিয়ে সময় নষ্ট না করে সচেতন থাকা উচিত।
বর্তমানে সুনেরাহ বিনতে কামাল নাটক ও চলচ্চিত্র—উভয় মাধ্যমেই নিয়মিত কাজ করছেন।