
চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের নতুন দাম ও লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আগামী ৩ মে থেকে এ কার্যক্রম শুরু হবে।
বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ঘোষণা অনুযায়ী, প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতব চাল ৪৮ টাকা দরে কেনা হবে। পাশাপাশি গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৬ টাকা।
সরকার জানিয়েছে, এবার মোট ১৮ লাখ টন ধান-চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহ করা হবে। এর মধ্যে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল ও ১ লাখ টন আতব চাল অন্তর্ভুক্ত রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান ও গম সংগ্রহ করা হবে এবং ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ কার্যক্রম চলবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে চালের পর্যাপ্ত মজুত রয়েছে। সরকারি গুদামে প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন চাল মজুত আছে বলে তিনি উল্লেখ করেন।
সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।