
চীন সফররত বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ককে আরও উচ্চমাত্রায় নিতে চায় ঢাকা। তিনি চীনকে বাংলাদেশের “নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার” হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর জোর দেন।
স্থানীয় সময় মঙ্গলবার বেইজিংয়ে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেংয়ের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সাক্ষাতে তিনি ‘এক চীন নীতি’র প্রতি বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং চীনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকারের কথা জানান।
চীনা ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং বলেন, বাংলাদেশ ও চীন পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দীর্ঘদিনের অংশীদার। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, বৈঠকে দুই পক্ষই বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় চীন অভিনন্দনও জানায়।
এদিকে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিরা চীনের উন্নয়ন অভিজ্ঞতা ও প্রযুক্তিগত অগ্রগতি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। বিশেষ করে রোবটিকস, স্মার্ট ম্যানুফ্যাকচারিং ও শিল্পখাতে চীনের অগ্রগতি তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ এবং কৃষিসহ বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বাড়াতে আগ্রহী। পাশাপাশি দক্ষ জনশক্তি গঠনে প্রযুক্তি ও প্রশিক্ষণ সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।
সফরটি চীন ও বিএনপির মধ্যে প্রথম উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে প্রতিনিধিদলটি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র ও প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন করছে।