
বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে “সবার আগে বাংলাদেশ” নীতি আরও সুনির্দিষ্ট ও ফলপ্রসূ করতে কূটনৈতিক পরিসর সম্প্রসারণ ও কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিবাসন ও প্রবাসী কল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি, জলবায়ু ও পরিবেশ, আন্তঃসীমান্ত পানিসম্পদ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সমন্বিত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ লক্ষ্যে মন্ত্রণালয়ের কার্যক্রম দ্রুত সম্প্রসারণের পাশাপাশি নতুন উইং সংযোজন ও প্রশাসনিক পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, এই উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত ও মর্যাদাপূর্ণ করবে। একই সঙ্গে বৈশ্বিক অঙ্গণে দেশের স্বার্থ সংরক্ষণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।