
গরমের মধ্যে স্বস্তির বার্তা—ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া এই পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমক এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
এর পরের দিন বৃহস্পতিবার (৯ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এই সময়েও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির আভাস থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
শনিবার (১১ এপ্রিল) এবং রোববার (১২ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এছাড়া বর্ধিত পাঁচদিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ের পর দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।