
দীর্ঘ অনুসন্ধান ও আন্তর্জাতিক সহযোগিতার পর প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া বিপুল অঙ্কের অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
প্রায় ৩ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ৪৫ লাখ টাকার সমপরিমাণ, সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রোববার ২৯ মার্চ এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান।
তিনি বলেন, বহুল আলোচিত এমটিএফই বা মেটাভার্স বৈদেশিক মুদ্রা প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থের একটি অংশ ইতোমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত ৪৪ কোটির বেশি টাকা দেশে আনা হয়েছে।
জসীম উদ্দীন খান আরও জানান, এই প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল। সেই অর্থ উদ্ধারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল সিআইডি। ধারাবাহিক তদন্ত কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার ফলে এই অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পাচার হওয়া বাকি অর্থ উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি এ সংক্রান্ত তদন্ত কার্যক্রমও চলমান আছে।