
দীর্ঘ চিকিৎসা শেষে প্রবাসে মৃত্যুবরণ করা জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ দেশে ফিরেছে, শোকের ছায়া নেমেছে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হয়। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ পরিবারের সদস্যরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, সাবেক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।