
দীর্ঘদিন আড়ালে থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মো. আফজাল নাছের। রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (৩০ মার্চ) ভোরে মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির একটি দায়িত্বশীল সূত্র তার আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
জানা গেছে, মো. আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এক-এগারোর সময় তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনায় তাকে অন্যতম হোতা হিসেবে উল্লেখ করা হয়। অভিযোগ রয়েছে, নির্যাতনের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরবর্তীতে ২০০৯ সালের ৫ নভেম্বর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
এর আগে একই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আফজাল নাছেরকে আটক করা হয়েছে।
পেশাগত জীবনে আফজাল নাছের ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। এক-এগারোর পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৫ নভেম্বর তাকে সেনাবাহিনী থেকে অপসারণ করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেন তিনি।