
ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন মোড়ের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জানালেন যুদ্ধ থামাতে দেওয়া ১৫ দফা দাবির বেশিরভাগই মেনে নিয়েছে তেহরান।
সোমবার (৩০ মার্চ) প্রকাশিত দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছে। কেন নেবে না?’ তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনা সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমেও চলছে এবং তা ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে।
ট্রাম্প আরও দাবি করেন, সদিচ্ছার নিদর্শন হিসেবে ইরান যুক্তরাষ্ট্রকে তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে। তার ভাষায়, ‘তারা আমাদের ২০ জাহাজভর্তি তেল দিয়েছে যা আগামীকাল থেকে পাঠানো শুরু হবে।’
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের সামরিক সক্ষমতা সীমিত করা, মধ্যপ্রাচ্যে সক্রিয় প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। তবে সব শর্ত এখনো চূড়ান্ত হয়নি এবং কিছু বিষয় নিয়ে আলোচনা অব্যাহত আছে বলে জানান ট্রাম্প।
এর আগে রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেব, কিংবা হয়তো নেব না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে’। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, প্রয়োজন হলে ওই এলাকায় কিছু সময়ের জন্য যুক্তরাষ্ট্রের উপস্থিতি থাকতে পারে।