
নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড়ে সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন—রাস্তা বন্ধ করে জনসাধারণের কষ্ট বাড়ানো হলে তিনি আর দলীয় কার্যালয়ে আসবেন না।
শনিবার (২৮ মার্চ) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
সমবেত কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘এভাবে রাস্তা বন্ধ করা যাবে না। স্বাভাবিকভাবে আমাদের অফিসে আসতে হবে, যাতে সব কিছু স্বাভাবিকভাবে চলে। আমি অফিসে আবারও আসব। কিন্তু রাস্তা বন্ধ করা হলে আমার পক্ষে আসা সম্ভব হবে না। আমি কি কথা বোঝাতে পেরেছি? রাস্তা বন্ধ করা যাবে না।’
তিনি আরও যোগ করেন, ‘যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। মানুষের চলাচলে কোনো বাধা দেওয়া যাবে না। আগামী আধা ঘণ্টার মধ্যে রাস্তা পরিষ্কার করতে হবে।’
দেশের মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি নেতাকর্মীদের সতর্ক করেন, ‘সারা দেশের নেতাকর্মীদের আইনের মধ্যে থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের কষ্ট বা অসুবিধা হয়—এমন কাজ থেকে বিরত থাকতে হবে।’
একই সঙ্গে দেশের চলমান সমস্যাগুলো সমাধানে ধৈর্য ধরে জনগণের সেবা করার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষ দিকে উপস্থিত কর্মীদের রাস্তার বাঁ পাশে সরে দাঁড়িয়ে যান চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেন তারেক রহমান। তিনি বলেন, ‘সবাই বাঁ দিকে চেপে আসুন, রাস্তা খুলে দিন। আপনাদের সহযোগিতা থাকলে আমি নিয়মিত অফিসে আসতে পারব, নচেৎ পারব না। আমরা নিশ্চয়ই দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না।’
তার এই তাৎক্ষণিক ও কঠোর নির্দেশনার পর নয়াপল্টনে অবস্থানরত নেতাকর্মীরা দ্রুত সড়ক ছেড়ে দেন, ফলে অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।