
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রোববার রাতে বৈঠক হবে, এ বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই প্রস্তুত হবে পরবর্তী আইন প্রণয়নের পথরেখা।
শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ সচিবালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা এসব অধ্যাদেশ নিয়ে রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টায় বিশেষ কমিটি আবার বৈঠকে বসবে। ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে। প্রস্তুতকৃত প্রতিবেদন আগামী ২ এপ্রিল জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এরপর প্রচলিত নিয়ম অনুযায়ী আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু হবে।
বৈঠকে জ্বালানি পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশে তা স্থিতিশীল রাখাকে সরকারের বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, অগ্রিম প্রস্তুতির ফলে এই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ধরে রাখা গেছে। বিশেষ করে বোরো মৌসুমে কৃষি উৎপাদন ব্যাহত না করতে সরকার অতিরিক্ত ভর্তুকির মাধ্যমে তেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের পরিস্থিতি নিয়ন্ত্রিত রয়েছে। পার্শ্ববর্তী কয়েকটি দেশে তেলের দাম বাড়ার কারণে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটলেও বাংলাদেশে তা স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে জ্বালানি পাচারের কিছু ঘটনা শনাক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এগুলো কঠোরভাবে দমন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বিএনপিদলীয় সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের পর যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এবং স্বল্প সময়ে অর্জিত সাফল্যগুলো জনগণের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহারের অধিকাংশ কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।