
মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত চাপ সামাল দিতে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), যাতে ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে তেলের প্রবাহ স্বাভাবিক রাখা যায়।
শনিবার (২৮ মার্চ) বিপিসি সচিব শাহিনা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা এবং বিপিসির তত্ত্বাবধানে বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে সারা দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে। এ প্রেক্ষাপটে দেশের সব ফিলিং স্টেশন, পড পয়েন্ট, ডিলার ও পাম্পে জ্বালানি পৌঁছানো নিশ্চিত করতে বিপিসির অধীনস্থ ডিপো ও প্রধান স্থাপনাগুলোর সরবরাহ কার্যক্রমের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডিপো ও প্রধান স্থাপনাগুলো থেকে জ্বালানি পণ্য খালাস ও সরবরাহ কার্যক্রম চলবে।
বিপিসি জানিয়েছে, সারাদেশে জ্বালানির ধারাবাহিক সরবরাহ বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।